ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২১:৩৫ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২১:৪০ পিএম
সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের জট, দাড়ি ও চুল কাটার ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে সুজন ও মঙ্গলবার বিকালে মজনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ গ্রামে। তারা মামলার এজাহারভুক্ত আসামি।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দকে (৭০) তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’ এ ঘটনা দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
প্রায় চার মাস আগের ওই ঘটনায় ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে তারাকান্দা থানায় তার ছেলে শহিদ মিয়া আকন্দ বাদি হয়ে মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ৩৭ বছর ধরে মাথা চুল ও দাড়িতে জট নিয়ে ঘুরে বেড়ান হালিম উদ্দিন আকন্দ। হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরাণের (রহ.) ভক্ত তিনি। আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন। গত কোরবানির ঈদের কয়েক দিন তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করে একদল লোক এসে তার মাথার জট, দাড়ি ও চুল জোর করে কেটে দেন। ঘটনার সময় বাধা দিতে গেলে তিনি শারীরিক নির্যাতন ও বল প্রয়োগের শিকার হন। এ ঘটনার পর থেকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।