ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৮:১৮ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম লুটপাটের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের আন্দোলন সংগ্রামে একটা সরকারের পতন ঘটেছে। তাদের অনেক লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা হল প্রাথমিক বিজয়। তিনি বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি, সে প্রজাতন্ত্রের মালিকানার একমাত্র উপায় দেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
বুধবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে আবদুল আউয়াল মিন্টু রাজাপুরের বিএনপি নেতা মরহুম নিজাম উদ্দিন বাচ্চুর কবর জিয়ারত করে পরিবারের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
মিন্টু বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে ভাঙ্গার জন্য গত ১৫ বছর ব্যাপক ষড়যন্ত্র হয়েছে কিন্তু তারা সফল হয়নি। তাই দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজাপুরের স্মৃতি রোমন্থন করে মিন্টু বলেন, আমার পিতা উপজেলা চেয়ারম্যান হওয়ার সুবাদে ১৯৮৪ থেকে ১৯৯০ পর্যন্ত দাগনভূঞা উপজেলার প্রতিটি বাড়িতে আমার পদচারণা ছিলো। দাগনভূঞা কখনো আমার অন্তর থেকে মুছে যায়নি, গত ১৫ বছর ফ্যাসিবাদীদের দমন-নিপীড়নের কারণে কম আসা হয়েছে। যারা আমার বাবার সাথে রাজনীতি করছে তারা এখন জীবিত নেই, তাদের মাগফিরাত কামনা করছি।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্যসচিব মনসুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন। এছাড়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঞা হুদনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।