রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১১:১১ এএম
প্রতীকী ছবি
রাঙামাটির কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকাডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। মঙ্গলবার রাতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে লংগদুর গুলশাখালী থেকে নৌকায় মাইনীমূখের এফআইডিসি এলাকায় বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় থাকা পাঁচজনের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়। দুজন সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। এরপর বুধবার সকালে নিখোঁজ নারী শিরিনা বেগমের (৪০) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশু মাসুমকে (৫) উদ্ধারে কাজ করছে ডুবুরি দলের সদস্যরা।
স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, মঙ্গলবার সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট নৌকা নিয়ে গুলশাখালীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়। নৌকায় একজন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু ছিল। নৌকাডুবির খবর পেয়ে আমরা রাতে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে এক মহিলাকে উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানার ভেতর মৃত অবস্থায় পাই। নৌকায় থাকা শিরিনা বেগম (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) রাতে খুঁজে পাওয়া যায়নি। আজ (বুধবার) সকালে শিরিনার মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো নিখোঁজ রয়েছে শিশু মাসুম।
লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, ‘আমাদের ডুবরি দল রাঙামাটি থেকে সকালে এসে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ নারী ও শিশুর মধ্যে শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।’
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাত আটটার পর আকস্মিক ঝোড়ো বাতাসে কয়েক এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকাডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।