বগুড়া অফিস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১ পিএম
বগুড়ার আদমদীঘিতে পিকআপ ভ্যানের ধাক্কায় চার্জারচালিত মোটরসাইকেলে (স্কুটি) থাকা মা ও শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য (ভুশি) ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে, রমজান আলী তোতা স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন। পাইকপাড়া মোড়ে পৌঁছালে পিকআপটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্বামী রমজান আলী গুরুতর আহত অবস্থায় ছটফট করছিলেন।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত রমজান আলীকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত পিকআপ, একটি অটোরিকশা ও স্কুটি জব্দ করা হয়েছে। তবে, পিকআপ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।