× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের রূপনগর গ্রামসংলগ্ন টাঙ্গুয়ার হাওর পাড়ে বিজিবি টহল দল ও সংঘবদ্ধ চোরাকারবারিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওমর আলী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সংঘর্ষে বিজিবির এক সদস্যসহ উভয়পক্ষের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা টাঙ্গুয়ার হাওরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ওমর আলী খিদিরপুর গ্রামের শামছুল হকের ছেলে। সংঘর্ষের ঘটনাটি ঘটে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে।

জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধীনস্থ ভাঙ্গালভিটা বিওপি থেকে সুবেদার সিগন্যাল ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে রূপনগর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ভারতীয় গরু বোঝাই করে টাঙ্গুয়ার হাওর দিয়ে পাচারের চেষ্টা করলে বিজিবি তাদের বাধা দেয়।

অভিযোগ রয়েছে, তখন শতাধিক চোরাকারবারি টহল দলকে ঘেরাও করে ইটপাটকেল ও বল্লম নিক্ষেপ করে। একপর্যায়ে তারা গাদা বন্দুক দিয়ে বিজিবিকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড ফায়ার করে। এ সময় গরুভর্তি একটি ট্রলার ফেলে রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

এ ঘটনায় ভাঙ্গালভিটা বিওপির নায়েক আখেরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, নিহত ওমর আলীর পরিবারের দাবি, সংঘর্ষের সময় বিজিবির গুলিতেই তিনি নিখোঁজ হন। দুই দিন পর তার মরদেহ টাঙ্গুয়ার হাওরে ভেসে ওঠে। পরিবারের দাবি অনুযায়ী সংঘর্ষে তাদের আরও দুজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ৩৩টি গরু, একটি ট্রলার, বল্লম, দা, কাঁচি, ঢাল ও ইটপাথর জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, স্থানীয়দের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ (ওসি) মনিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, চোরাকারবারিরা আমাদের টহলদলকে লক্ষ্য করে হামলা করে। তাদের গুলিতে আমাদের একজন আহত হয়েছে। তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ পোস্টমর্টেমে জানা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা