চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২ পিএম
রামু ট্রাজেডির এক যুগ পার হলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। তিনি বলেন, ২০১২ সালে রামুর বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়ার পর দীর্ঘ এক যুগ পার হলেও এ ঘটনার বিচার হয়নি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার তেকোটা-মুকুটনাইটে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে শেষ অষ্টমী তিথি উপলক্ষে আয়োজিত সমাবেশ ও সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বৌদ্ধ বিহারগুলোতে বিশ্বশান্তির নীতি অনুশীলন হয়। রামু ট্রাজেডির পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং ক্ষতিগ্রস্ত বিহারগুলোতে আর্থিক সহায়তাও প্রদান করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মিলিত সম্প্রীতির দেশ। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদের বলতে পারি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে। আপনাদের যার যার এলাকায় ভোট দিয়ে জয়যাত্রায় সামিল হবেন। তিনি জানান, আসন্ন প্রবারণা পূর্ণিমার মূল স্লোগান হবে— ‘সম্প্রীতিতে শান্তির আলো’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুটনাইট ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত অনমোদর্শী মহাস্থবির। সদ্ধর্ম সভায় আশীর্বাদ দেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ শীলপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক শরণ সেন মহাস্থবির। উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক বিশ্বমিত্র মহাস্থবির।
এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল কান্তি বড়ুয়া, চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, মহাসচিব অনুপম বড়ুয়া ও সাবেক মহাসচিব সরিৎ চৌধুরী প্রমুখ।