× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৯০ ঘণ্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়ার জেরে প্রায় ৯০ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য রুটে বাস পরিসেবা স্বাভাবিক হয়। এর ফলে আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। 

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাস মালিক পক্ষ দূরপাল্লার যাত্রী পরিসেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কিছু দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ দেশের অন্যান্য গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে সোমবার বিকালে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়।

বাস মালিকপক্ষের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর বাস মালিকরা বেতন বাড়াতে সম্মত হয়েছিল। কিন্তু মালিকদের দাবি, বর্ধিত বেতন কার্যকর হওয়ার আগেই শ্রমিকরা এখন খোরাকি ভাতাসহ অন্যান্য অযৌক্তিক দাবি সামনে আনতে শুরু করে। এই পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা এড়াতে বাস মালিকপক্ষ নিজেরাই গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়।

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছিল, সেটা কেটে গেছে। ঢাকায় আজ বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত বাস মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিকপক্ষ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। বিকাল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। 

এদিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা ভীষণ খুশি। তারা জানান, এই কয়েক দিনে কিছু লোকাল বাস ঢাকা রুটে যাত্রী পরিবহন করলেও, সেসব বাস দীর্ঘপথের ভ্রমণের জন্য ছিল সম্পূর্ণ অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। গন্তব্যে পৌঁছাতে ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাধ্য হয়েই ওই লোকাল বাসগুলো ব্যবহার করেছেন।

বাস চলাচল শুরু হওয়ার পর কাউন্টারে আসা যাত্রী আব্দুল্লাহ বলেন, গত কয়েকদিন থেকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা যাওয়া হয়নি। আজকে যখনই শুনেছি বাস চলাচল শুরু হয়েছে, তখনই কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করেছি।

আরেক যাত্রী ওমর ফারুক বলেন, ‘ধরেই নিয়েছিলাম আজকে আর ঢাকা যাওয়া সম্ভব হবে না। তবে বাস চলাচল শুরু হওয়ায় আমরা খুশি। কাটা-কাটা গাড়িতে বাড়তি টাকা দিয়ে সময়ক্ষেপণ আর হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা