হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি কলেজের দুই শিক্ষককে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করার খবর পাওয়া গেছে। বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক রঞ্জন কুমার বসাক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্শেল মালেশ চিরান।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নিং বডি ও কলেজ সূত্র জানায়, ২০২৩ সালের এপ্রিল মাসে অধ্যক্ষ তৌফিকুর রহমানকে নিয়মবহির্ভূতভাবে বরখাস্ত করেন গভর্নিং বডির সভাপতি এমদাদুল হক মুকুল। আদালতের মামলা চলাকালীন সহকারী অধ্যাপক রঞ্জন কুমার বসাক অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন এবং সহকারী অধ্যাপক মার্শেল মালেশ চিরান অবৈধ তত্ত্বাবধায়ক থাকেন। তাদের যোগসাজশে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ ও অসদাচরণের অভিযোগ ওঠে। তদন্তে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়ার পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভর্নিং বডির সভায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে অধ্যক্ষ মো. তৌফিকুর রহমান বলেন, ‘আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকার সময় আওয়ামী সরকারের দোসর ও কলেজের সে সময়ের গর্ভনিং বডির সভাপতি এমদাদুল হক মুকুল, তার ছেলে এমপি থাকার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে অবৈধভাবে বরখাস্ত করেন, যার আইনি কোনো ভিত্তি ছিল না। আর সেই সুযোগে বরখাস্ত হওয়া দুই সহকারী অধ্যাপক মিলে নামে-বেনামে কলেজের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।’
অভিযুক্ত সহকারী অধ্যাপক রঞ্জন কুমার বসাক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। সহকারী অধ্যাপক মার্শেল মালেশ চিরান কোনো মন্তব্য করতে রাজি হননি।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ‘অডিট কমিটির রিপোর্ট ও তদন্ত কমিটির প্রতিবেদনে অর্থ আত্মসাৎ ও অনিয়ম সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। গভর্নিং বডির সিদ্ধান্তে দুই সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’