গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পালিত হয়েছে তথ্য অধিকার দিবস।
রবিবার (২৮ সেপ্টেম্বর) অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি সংগঠন ‘আমরাই পারি’ এবং ‘অবলম্বন’-এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, সাঁওতালি নাচ-গান পরিবেশন ও আলোচনা সভা। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা তথ্য অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্যরঞ্জন সাহা, উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কাটাবাড়ী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাউয়ুম শেখ, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্তী, একেএম মাহাবুব আলম মুকুল, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক গৌড় চন্দ্র পাহাড়ী, ফিলিমন হেমরম, কৈলাস হাসদা, পল্লবী মুরমু ও সোনালী মার্ডিসহ স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা।
বক্তারা বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে এই আইন গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
তারা আরও জানান, তথ্য কমিশনের সংস্কার করে আইনটিকে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীও তাদের প্রাপ্য সেবা পেতে পারে।