বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেওক্রাডং ভ্রমণ বন্ধ থাকবে।
তিনি বলেন, আমরা চাই আগত পর্যটকরা যেন কোনো সমস্যায় না পড়েন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এখনো প্রস্তুত নয়। আশা করছি দুর্গাপূজার পর কেওক্রাডং উন্মুক্ত করা যাবে।
প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেছিলেন, ১ অক্টোবর থেকে কেওক্রাডং খুলে দেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তা স্থগিত করা হয়েছে।