মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩ পিএম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিলটি সকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভার মাধ্যমে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো জনতা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক নাউরী বাজার শাখা স্থানান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালে কৃষি ব্যাংকের এই শাখা নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় ভবনে যাত্রা শুরু করে। গত ৩৮ বছর ধরে সুনামের সঙ্গে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাংকের জন্য বিদ্যালয়ের তহবিল থেকে লাখ লাখ টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহলের প্ররোচনায় এ শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা চাই, ব্যাংকের শাখা এখানেই থাকবে। কেউ অতি উৎসাহী হয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক আমরা এখানে রাখবই। এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।