খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮ পিএম
প্রবা ফটো।
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে অবরোধ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার পর পার্বত্য জেলা খাগড়াছড়িতে থমথমে পনিস্থিতি বিরাজ করছে। শনিবার দুপুর থেকে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
রবিবার (২৮ সেপ্টেস্বর) সকালে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া শনিবার রাতে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনা নিরাপত্তায় নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
শনিবার গভীর রাতে শহরের একটি বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে বিভিন্ন স্থানে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। খাগড়াছড়ি সদরে সাত প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, নতুন করে যেন সহিংসতার ঘটনা না ঘটে, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় বুধবার শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জুম্ম ছাত্র-জনতা আধাবেলা সড়ক অবরোধ পালন করে।
শুক্রবার চেঙ্গী স্কয়ারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশে বিচারের দাবিতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় শনিবার সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।