চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৪ পিএম
চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হামলার অভিযোগে একাধিক মামলা ছিল। সম্প্রতি তিনি চট্টগ্রাম ও ঢাকায় ঝটিকা মিছিলের জন্য নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। এই বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেপ্তারে তৎপরতা বাড়ে পুলিশের।
গত শুক্রবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
হাসান উল্লাহ চৌধুরী পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারী। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান উল্লাহ চৌধুরী আত্মগোপনে ছিলেন।