গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২০ পিএম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের ধরা পড়েছে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা কালো পোয়া মাছ। এটি বিরল সামুদ্রিক মাছ। ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এই মাছটি শনিবার (২৭ সেপ্টেম্বর) ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কালো পোয়া সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তাই এ মাছটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে।
জানা গেছে, মাছটি আড়তে তোলা হলে খোলা ডাকের মাধ্যমে কিনে নেন ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র মালিক পিএম মুসা। এর আগে গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছিলেন তিনি।
স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। মাছটির বায়ুথলি বা ‘এয়ার ব্লাডার’ চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হওয়ায় এর দাম অনেক বেশি।
ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারি মো. বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া একটি দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০-১৮০ সেন্টিমিটার হয়, তবে কখনো ১.৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে ১০-২৫ কেজি। কোনো কোনো সময় ৫০ কেজিরও বেশি ওজনের পাওয়া যায়। মাছটি বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝে মধ্যে দেখা যায়। কাঁদা মাটি বা বালুময় তলদেশে এরা বসবাস করে এবং ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য ক্রাস্টেশিয়ান খেয়ে বেঁচে থাকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এ মাছকে ব্ল্যাক স্পটেড ক্রোকারও বলা হয়। সম্প্রতি দুটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এটি অত্যন্ত খুশির খবর। এর এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অনেক দামি, তাই মাছটির দামও বেশি। জেলেরা মাছ ধরার নিষেধাজ্ঞা মেনে চলায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাচ্ছেন তারা।