খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯ পিএম
খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।
শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও জনসমাগম নিষিদ্ধ থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়। এতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে। ভোর থেকেই বিক্ষুব্ধরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। এ সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। পাহাড়িদের দাবি, অবরোধ চলাকালে সদর উপজেলা প্রাঙ্গণের সড়কের পাশে তাদের ওপর হামলা হয়, এতে দুজন আহত হন। ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অন্যদিকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হামলাকরীদের গ্রেপ্তার ও আহতদের সুচিকিৎসার দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অরবোধের ডাক দিয়েছেন জুম্ম ছাত্র-জনতা।
শনিবার সকালে খাগড়াছড়ি পৌর শহর ঘুরে দেখা গেছে, অবরোধের কারণে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। পর্যটকবাহী জিপসহ অন্যান্য যানবাহনের চলাচলও বন্ধ রয়েছে। তবে শহরের শাপলা চত্বর এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গী সেতু এলাকা, স্বনির্ভর এলাকা; খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, ভাইবোনছড়া, গাছবাগান; খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল, ৯ মাইল; খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মহালছড়ি ২৪ মাইল, সিঙ্গিবালাসহ বিভিন্ন স্থানে সকালে সড়কে অবস্থান নেন অবরোধকারীরা। এর মধ্যে কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলা হয়। কোথাও আবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা। কিছু স্থানে পুলিশ গিয়ে সড়ক থেকে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে নেয়।
এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।