বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম
বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওইদিনই তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরুতর হার্ট অ্যাটাক শনাক্ত করেন। খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও সকাল ৮টার আগেই তার মৃত্যু হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।