শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
বিজিবির অভিযানে জব্দকৃত মালামাল। প্রবা ফটো
শেরপুর সীমান্তে ভারতীয় মদ, ফেনসিডিলসহ প্রায় ১৩ লাখ টাকার বিভিন্ন প্রকার প্রসাধনীসামগ্রী জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে, এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।
বিজিবি জানায়, শেরপুরের শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার প্রসাধনীসামগ্রী পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। পরে পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল ১ হাজার ৪৩০ পিস জনসন বেবি শ্যাম্পু, ১ হাজার ৬৮০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৯৬০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে, চোরাকারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদক ও প্রসাধনীসামগ্রী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।