লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩ পিএম
লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রাশেদা বেগম পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডে লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে ইমনের স্ত্রীর নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয় বলে দাবি করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজা দাড়িঁয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার একপর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করে ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে ইমন। এতে রাশেদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এলে ওই নারীকে জবাইকে করে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমন হোসেনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে ইমনের স্ত্রীর নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করছে। ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।