প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে যশোরে ‘আমরা নারী’ এবং সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য র্যালি বের হয়। যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। র্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান।
অতিথিরা নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, যশোর সদর হাসপাতালের ক্যান্সার সার্জন ডা. বনি আমিন, যশোর মেডিকেল কলেজের ডা. তৌহিদুর রহমান শাকিল এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব।
‘আমরা নারী’ সংগঠন নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত। সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্য বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সারাদেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবেই যশোরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সহযোগী পার্টনার ছিল ইয়াভ ফাউন্ডেশন। আমরা নারী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, মিডিয়ার সহযোগিতায় এই সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং নারীর স্বাস্থ্যসুরক্ষায় জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।