যৌথ বাহিনীর অভিযান
নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে টানা তিন ঘণ্টা শহরের জিমখানা বস্তি ও লেকপাড় এলাকায় এই অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে যৌথ বাহিনী। অভিযানটি পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির ও সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ।
অভিযানে আটকদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলার আসামি আলম চাঁন, জিমখানার পারভীন আক্তার (৩৫) ও আফরিনা আক্তার হাসি (৫০)। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ৩০ পিস ইয়াবা, একটি বিদেশি মদের বোতল, তিনটি বড় ছুরি, একটি চাপাতি, দুটি লাঠি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে মাদকসেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির। সাজাপ্রাপ্তরা হলেন, নতুন জিমখানার মোখলেছের ছেলে মো. ফয়সালের ১২ দিন, জল্লার পারের মোহাম্মদ লিটনের ছেলে রিফাতের ১২ দিন, মৃত আব্দুল মজিদের ছেলে মো. মোস্তফা হোসেনের ১৪ দিন, দেওভোগ পাক্কা রোডের মৃত মোশারফ ভূঁইয়ার ছেলে জুবায়ের ভূঁইয়া রানার ২০ দিন ও নিতাইগঞ্জ ডালপট্টির মৃত চিত্তরঞ্জন নন্দীর ছেলে অভিনন্দীর ৭ দিন। এ ছাড়া আটক বাকিদের নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের আড্ডার তথ্য আমাদের কাছে রয়েছে। ফতুল্লায় অভিযানের পর এবার সদর থানার জিমখানায় অভিযান চালানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল আলম চাঁনকে গ্রেপ্তার করা, যার নামে অসংখ্য মাদক মামলা রয়েছে। অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আলম চাঁনের হেফাজত থেকে দেড় কেজি গাঁজা, বিদেশি মদ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুই নারীর কাছ থেকেও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হবে।