বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রপোল স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে। পণ্য খালাস করে ভারতীয় ট্রাক ফিরে যেতে পারবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।