মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২ এএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি নাজমুল, গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে এলাকায় ফেরেন। এরপর থেকেই দুই পক্ষের বিরোধ তীব্র হয়। এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালালে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত শাহাদত, আসিফ, নউরুল ইসলাম ও শুক্কুর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের দাবি, এখনও গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।