খুলনা অফিস
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
খুলনা নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ দু’জন যুবকের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয়ে মুহূর্তেই ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। গুলিবিদ্ধ যুবকের নাম অনিক। তিনি কালীবাড়ি এলাকার মন্টু দাশের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের বরাতে খুলনা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঝগড়ার একপর্যায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে অনিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে অনিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় হামলাকারী ভয়ে নিজের অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখানে পড়ে থাকা একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এ ঘটনায় জড়িত, তার পেছনে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না কি অন্য কোনো কারণ আছে- তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।