সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌর এলাকায় পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাসনগর দীঘির পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েক শত নারী-পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, সোনারগাঁও পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খাসনগর দীঘির পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮ নম্বর ওয়ার্ডের চৌদানা গ্রামসহ মোট পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে, এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছেÑ ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে এতে তারা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজকর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।
এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।