নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পেছন থেকে আসা একটি গাড়ি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে বহনকারী গাড়িটিতে ধাক্কা দেয়। এতে অল্পের জন্যে রক্ষা পান তিনি ও তার সফরসঙ্গীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় তাৎক্ষণিক আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তিনি আরও বলেন, নোয়াখালী যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হলেও মহান আল্লাহর রহমতে আমি অক্ষত রয়েছি। ঘটনাটি আমার কাছে সন্দেহজনক ও পরিকল্পিত মনে হচ্ছে। ওই গাড়ির ভেতরে একজন লোক ছিলেন বলেও জানতে পেরেছি। আমি চাই, এই ঘটনাটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার খোঁজখবর নেওয়ার জন্য যারা ফোন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি। সকলের কাছে দোয়া কামনা করছি।