চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবির টহলদল পুশইনের শিকার ১৯ জনকে গ্রেপ্তার করে। বিজিবি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও তিনটি শিশু রয়েছে।
গ্রেপ্তাররা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), রাজশাহীর চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), রাজশাহীর শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), রাজশাহীর মালকামলা এলাকার হযরত আলী (২৮), যশোরের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের আরিফ হোসেন (৩৮), রাজবাড়ির চরখি কমলা এলাকার আব্দুর রহমান (৩৭), মাগুরার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), কুড়িগ্রামের কালিরহাট হাজিপাড়ার আব্দুল মোতালেব (৪৭), একই গ্রামের মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রমজান হক (৩), খুলনার ঘোপখালী এলাকার জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকার নবীনগর এলাকার সুমি (২৫), একই এলাকার আব্দুল্লাহ্ (২ মাস), নড়াইলের কোতোয়ালি গ্রামের রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার গড়পয়ারী গ্রামের মারুফ হোসেনের মেয়ে রুহি আক্তার (২)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গ্রেপ্তাররা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাতে পেরেছি। তারা ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন। সেজন্য তাদের ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করেন। কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। পরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের গ্রেপ্তার করে। জানা যায়, তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
এর আগে চলতি বছরের ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন, ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন এবং ১৪ আগস্ট চামুচা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ।
জানা যায়, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের এই কয়েকটি সীমান্ত দিয়ে ৭৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।