রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭ পিএম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজারে চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শিশুটি।
নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারসহ তারা পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রির একটি চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারি বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে মেয়েটি অসাবধানতাবশত খেলতে গিয়ে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেন নি।
এদিকে শিশু জান্নাতের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জান্নাতকে শান্ত, ভদ্র ও সবার প্রিয় শিশু হিসেবে উল্লেখ করে বলেন, তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।