× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে পাঁচ বছরে এক শতাংশ কাজও হয়নি

মেহেদী হাসান সিয়াম, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬ এএম

সাড়ে পাঁচ বছরে এক শতাংশ কাজও হয়নি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। জমি অধিগ্রহণে জটিলতা এবং সমন্বয়ের অভাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজে নেই কোনো অগ্রগতি। এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ করাই হয়নি। অবকাঠামো নির্মাণ তো দূরের কথা। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর।

টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পটি (২য় পর্যায়) ২০২০ সালের ২০ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হয়। দেশজুড়ে ৩২৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় বিগত সরকার। সে সময় খরচ ধরা হয় ২০ হাজার ৫২৬ কোটি টাকা। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরে তা শেষ করতে বলা হয়। দীর্ঘ সময়ে প্রকল্পটির অগ্রগতি না হওয়ায় এ বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব উপজেলা এবং নির্ধারিত ওই টাকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন নির্মাণের কথা আছে। এগুলো হলোÑ শিবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোমস্তাপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ ও ভোলাহাট টেকনিক্যাল স্কুল ও কলেজ।

প্রকল্পটির উদ্দেশ্য ছিল কর্মক্ষম যুবকদের দেশ-বিদেশে বর্তমান ও ভবিষ্যৎ চাকরি বাজারের চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। 

দরিদ্র জনগোষ্ঠীর জীবিকার লক্ষ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ৪টি ট্রেড ও স্বল্পমেয়াদি প্যারা ট্রেড কোর্স চালু করতে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে।

প্রকল্পের প্রধান কাজ হিসেবে ধরা হয় প্রতিটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য ৩ একর বা ৯ বিঘা করে জমি অধিগ্রহণ ও উন্নয়ন। আরও রয়েছে একাডেমিকসহ প্রশাসনিক ভবন নির্মাণ, শিক্ষক ডরমিটরি, ২০০ শয্যার ছাত্রী হোস্টেল নির্মাণ ও ওয়ার্কশপ বিল্ডিং নির্মাণ। এ ছাড়া সীমানাপ্রাচীর ও গেট নির্মাণ, আসবাবপত্র সংগ্রহসহ অন্য কাজও আছে। উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে এইসব প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত হয়, যাতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা সহজে যাতায়াত করতে পারেন।

সংশ্লিষ্টরা বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করায় আশানুরূপ বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে সরকার এ প্রকল্পটি হাতে নেয়।

অথচ চাঁপাইনবাবগঞ্জের ৩টি কারিগরি প্রতিষ্ঠান নির্মাণে সাড়ে ৫ বছর আগের প্রকল্পে কোনো আগ্রগতি নেই। এ সময়ের মধ্যে ১ শতাংশ কাজও শেষ হয়নি। এসব প্রতিষ্ঠান নির্মাণের জন্য এখনও ভূমি অধিগ্রহণ শেষ হয়নি। ভূমি অধিগ্রহণ কাজ শেষ না হলে অবকাঠামোও গড়ে তোলা যাবে না। এতে তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার সরকারি যে উদ্যোগ তা বাধাগ্রস্ত হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে। এসব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য এখনও ভূমি অধিগ্রহণ করা হয়নি। অধিগ্রহণ করা ভূমি আমাদের বুঝিয়ে দিলে আমরা ভবন নির্মাণের কাজ শুরু করব।

জানতে চাইলে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণকাজ প্রকল্প পরিচালক (পিডি) যুগ্ম সচিব শাখাওয়াত হোসেন বলেন, প্রকল্পটির সঙ্গে এর আগে চারজন প্রকল্প পরিচালক জড়িত ছিলেন। এ প্রকল্পের কাজ কেন দেরি হয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করছি যাতে গতি বাড়ে।

প্রকল্পের ধীরগতি সম্পর্কে তিনি বলেন, ডিপিপিতে অনুমোদনের তুলনায় ভূমির দাম বেশি রয়েছে। যার কারণে ভূমি অধিগ্রহণে দেরি হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকায় সমন্বয় করতে গিয়ে সিদ্ধান্ত নিতেও দেরি হচ্ছে। এজন্য প্রকল্পের কাজে ধীরগতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা