পুলিশের ধারণা, দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করে আত্মহত্যা করেছেন মা
মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২ পিএম
মানিকগঞ্জ পৌরসভায় আবাসিক একটি ভবনের ফ্ল্যাট থেকে মা এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা শেখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং ছোট মেয়ে সাইফা আক্তার (২)। মৃত শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী।
এ ঘটনায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বন্ধ ফ্লাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। মা এবং দুই সন্তান। ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ মিলেছে। যেহেতু ফ্ল্যাট ভেতর থেকে তালাবদ্ধ ছিল, সেহেতু ধারণা করছি মা দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেছেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বাকিটা ময়নাতদন্তে জানা যাবে।
স্থানীয়রা জানান, প্রবাসী শাহীন আহমেদ বছর পাঁচেক আগে শিখা আক্তারকে বিয়ে করেন। এটি ছিল শাহীন এবং শিখা আক্তার উভয়েরই দ্বিতীয় বিয়ে।
শাহীন আহমেদের মামা আমান আনসারী (৪৮) বলেন, শাহীনের বাবা-মা নেই। বোনের বাড়ি হরিরামপুরে থেকেছেন। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয় স্ত্রী শিখা আক্তারকে পাঁচ বছর আগে বিয়ে করেছেন শাহীন। এ ঘরে তার এক কন্যা সন্তান। দেশে থাকা অবস্থায় শাহিন ইজিবাইক চালাত, গেল এক মাস ধরে সে মালয়েশিয়া গিয়েছে। যাওয়ার আগে তিনি তার স্ত্রী সন্তানদের ভাড়া বাসায় তোলেন। সে বাসায় শিখা আক্তারের আগের ঘরের ৯ বছর বয়সী ছেলে সন্তানও থাকতো।
পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর হোসেন (৩৫) বলেন, মাস দেড়েক আগে তারা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। একবারই তার স্বামীকে দেখেছিলাম। পরে শিখা এবং তার ছেলে-মেয়ে এ বাসায় থাকতেন। তাদেরকে বাসার বাহিরে কখনও দেখা যায়নি।
তিনি আরও বলেন, কারেন্ট বিলের টাকা চাওয়ার জন্য আজ সকালে তার দরজায় কয়েকবার নক করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বাড়িওয়ালাকে বিষয়টি অবগত করি। পরে তিনি এসেও দরজায় দীর্ঘক্ষণ ডেকেও কোন সাড়া শব্দ পান নি। পরে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পাশের একটি ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে দরজা ভেঙে প্রবেশ করলে খাটের উপর মা এবং মেঝেতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়।