সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম
সাতক্ষীরায় চারশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও সম্মিলিত ব্যবসায়ী মহল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা জেলা ও সাতক্ষীরাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা অন্যতম। সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে গুড়পুকুরের মেলা। নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি, ফুচকা ও ভাজা মালিক সমিতি ও অসংখ্য নারী-পুরুষ গৃহস্থালী সাজাতে বিভিন্ন পণ্য ক্রয়ে সারা বছর এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষায় থাকেন। সেই মেলাটি আজ বিভিন্ন ষড়যন্ত্র করে বন্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল।
মানববন্ধন শেষে সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবিতে পরবর্তী সময়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।