নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপ-কেন্দ্রে ডাকাতির ঘটনায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের লিডার লিটনসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ২১ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের পরিহিত পোশাকের ন্যায় পোশাক পরে ৩ জন ডাকাত ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা-বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুণ্ঠন করে। ডাকাতরা লুণ্ঠিত মালামালগুলো একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে র্যাব-১১ এর টিম ঢাকা এবং নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে লুণ্ঠিত মালামাল ও ডাকাত দলের সর্দার লিটনসহ ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলোÑ লিডার লিটন, মো. আক্তার হোসেন, মো. রোমান, মো. রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, সাগর মুন্সি, মো. আরিফ, মো. রিয়াজ, মো. শহিদুল।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি চাপাতিসহ তাদের ব্যবহৃত ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার লিটনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এছাড়া ডাকাত রোমানের বিরুদ্ধে তিনটি এবং সাগর মুন্সির বিরুদ্ধে ১টিসহ অন্য ডাকাতদের বিরুদ্ধেও একাধিক ডাকাতির মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ডাকাতরা জানান, তারা মূলত বিভিন্ন শিল্প কলকারখানা ডাকাতি করে থাকে। একটি ডাকাতি করার জন্য তারা কখনো কখনো ১৫ থেকে ১ মাস পর্যন্ত অপেক্ষা করে। তারপর টাগেটকৃত প্রতিষ্ঠানে ডাকাতি করে বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।