দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫ পিএম
ভাঙাচোরা সড়কে ম্লান হতে বসেছে দুর্গাপূজার আনন্দ। তাই পূজার আগে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবহাটা উপজেলার বহেরা হতে গাজীরহাট পর্যন্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন হিন্দু ধর্মালাম্বীরা। আসন্ন দুর্গাপূজায় প্রতিমা দর্শন ও এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে যাওয়ার জন্য সড়কটি আশু সংস্কার প্রয়োজন বলে দাবি করেছেন তারা।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা থেকে শ্যামনগর সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চলাচল করতে যেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ এলাকার পথচারীদের। তবে, সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে, সড়ক সংস্কার ও সম্প্রসারণের এই বৃহৎ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৬২.৩২৫ কিলোমিটারে বরাদ্দ করা হয়েছে প্রায় ৫৮২ কোটি টাকা। যার মধ্যে লাবনী মোড় থেকে বাঁকাল চেকপোস্ট, বাঁকাল চেকপোস্ট থেকে পারুলিয়া গরুরহাট, পারুলিয়া থেকে হাদীপুর, নলতা হাদীপুর থেকে কালীগঞ্জ ফুলতলা, কালীগঞ্জ ফুলতলা থেকে শ্যামনগর মহসিন কলেজ, শ্যামনগর মহসিন কলেজ থেকে ভেটখালী পর্যন্ত সম্প্রসারণ করা হবে সড়কটি। প্রকল্পটির কার্যাদেশে বলা আছে, ৩০ জুন, ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করতে হবে। যদিও প্রকল্পের মোট মেয়াদ পাঁচ বছর, ইতোমধ্যেই তিন বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু বৃষ্টিসহ নানা কারণে কাজ শুরু করতে না পারার কথা জানিয়েছেন ঠিকাদার। তবে, আসন্ন দুর্গাপূজার আগে সড়কটির যেসব স্থানে অত্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। সেসব স্থানগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি উঠেছে। এতে করে হিন্দু ধর্মীয় উৎসবের দিনগুলো আনন্দের সঙ্গে পালন করতে পারবে। অন্যথায় সড়কে দূর্ঘটনা ও ভোগান্তির শেষ থাকবে না। এমনকি ভাঙা সড়কে ম্লান হতে বসেছে হিন্দু ধর্মীয় উৎসবের আমেজ।
বহেরার নিত্যনন্দ ঘোষ, কুলিয়ার অনুপ দাস, পারুলিয়ার পলাশ মন্ডল, সখিপুরের সংকর স্বর্ণকার, গাজীরহাটের শরৎচন্দ্র ঘোষসহ আরো অনেকে জানান, হিন্দু ধর্মের বড় উৎসব দুর্গাপূজা। এই পূজাকে ঘিরে আমাদের ব্যাপক আয়োজন থাকে। বিশেষ করে পুজোর ৫দিন ধরে নানা আনুষ্ঠনিকতা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীতে আত্মীয়ের বাড়ি যাওয়া ও মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য যায় বিভিন্ন বয়সি মানুষ। কিন্তু আমাদের প্রধান সড়কটি এত খারাপ হয়েছে যা চলাচলের অনুপোযোগী। ভাঙা রাস্তায় চলাচল খুবই ঝুঁকি ও ভোগান্তির। তাই সংশ্লিষ্ট বিভাগ যদি পূজার আগে বহেরা হতে গাজীরহাট পর্যন্ত সংস্কার করে দেয় তাহলে আমাদের উৎসবটি পরিপূর্ণতা লাভ করবে। সংস্কার না হলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না। এমনকি বাড়িতে সময় কাটানো ছাড়া উপায় থাকবে না। তাই আমরা জোর দাবি জানাচ্ছিÑ যাতে পুজোর আগে রাস্তাটি সংস্কার করা হোক।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, বিগত বছরের তুলনায় এ বছর যাতে পূজা আরো উৎসবমুখরভাবে পালন করতে পারে সে বিষয়ে আমরা একাধিক প্রস্তুতি মিটিং করেছি। কিন্তু প্রধান সড়ক নষ্ট হওয়ায় মানুষের দুর্ভোগের কথা জানতে পারছি। সড়কটি সম্প্রসারণের বাজেট হয়ে গেছে, দ্রুত কাজ শুরু হবে। তবে পূজার আগে যদি একটু সংস্কার করা যায় তাহলে মানুষের চলাচলের সুবিধা হবে।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, পূজায় সর্বচ্চো নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। কিন্তু ভাঙা সড়কে এক স্থান থেকে অন্যস্থানে দ্রুত যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যাবে। দ্রæত সেবা পৌঁছে দিতে বাধাগ্রস্ত হতে হবে। তাই পূজার পূর্বে যদি সংস্কার করা যায় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সহজ হবে।