বগুড়া অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়ায় আদালত থেকে পালিয়ে গেছেন জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত মামলার আসামি রফিকুল ইসলাম। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে এবং উপজেলার জিয়ানগর এলাকায় শশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকাতির ঘটনার প্রধান আসামি।
বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রফিকুল ইসলামকে সোমবার জেলাখানা থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। হাজিরা শেষে জেলখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতে কর্মরত পুলিশ সদস্যরা। বিকাল সাড়ে ৪ টার দিকে হাজতখানা থেকে আসামি বের করার সময় ভীড়ের মধ্য থেকে পালিয়ে যান রফিকুল ইসলাম।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।