রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮ পিএম
রাজবাড়ী পাংশায় ইজিবাইক পানিতে পড়ে আরিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিফ পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে। বাবা -মা ঢাকাতে চাকরি করায় সে পার্শ্ববর্তি তারাপুর গ্রামে নানা আমজাদ মণ্ডলের বাড়িতে থাকতো।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় ইজিবাইক (অটোরিক্সা) খাদের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, তারাপুর গোরস্থান সংলগ্ন শিশুটির নানা বাড়ির সামনে নানা আমজাদ প্রামানিকের একটি বিচেলী (খড়) বিক্রয়কারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যার দিকে বাহাদুপুর থেকে হাবাসপুরগামী একটি অটো গাড়ি বিচেলী (খড়) কেনার জন্য ওখানে এসে থামে। এসময় শিশুটি নানার দোকানেই ছিল। চালক ইজিবাইকের স্টার্ট বন্ধ করে চাবি রেখেই বিচেলী কিনতে ব্যস্ত হয়ে পরে। এরই কোন এক ফাঁকে সকলের অগোচরে শিশুটি ইজিবাইকে ওঠে স্টার্ট দিলে অটোটি কয়েক গজ সামনে এগিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে গিয়ে উল্টে পড়ে।
ইজিবাইক খাদে পড়ে যেতে দেখে চালকসহ স্থানীয়রা দ্রুত এসে বাহনটি উদ্ধার করে। এসময় শিশুটিকে খুঁজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা খাদের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।