বগুড়া অফিস
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
ছাত্র হল খোলার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন শেষে একাডেমিক ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় কলেজ প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতাকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের প্রতিনিধিদল দ্রুত সমাধানের আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।
সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৯ হাজার। এর মধ্যে বেশিরভাগই জেলার বাইরে থেকে পড়তে আসেন। কলেজে শিক্ষার্থীর বিপরীতে আবাসন ব্যবস্থা একেবারেই কম। ফলে তাদের আশপাশের মেসে থেকে পড়াশোনা করতে হয়, যা খরচ বাড়িয়ে দেয় প্রায় তিন থেকে চার গুণ।
২০০৪ সালে কলেজের জন্য শের-ই-বাংলা হল, আকতার আলী মুন হল ও শহীদ তিতুমীর হল নির্মিত হয়। কিন্তু ২০০৯ সালের ২০ ডিসেম্বর ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের পর তিনটি হলই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালে আকতার আলী মুন হল এবং ২০১৯ সালে শহীদ তিতুমীর হল সংস্কার করা হলেও চালু করা হয়নি। বর্তমানে শের-ই-বাংলা হল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জানালা-দরজা খুলে নেওয়া হয়েছে আর জায়গাটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী জাকির হোসেন বলেন, ১৬ বছর ধরে হলগুলো বন্ধ। এতে শিক্ষার্থীদের আবাসন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। কলেজ প্রশাসন মিথ্যা অজুহাত দেখিয়ে হলে উঠতে দিচ্ছে না। অথচ কিছু সংস্কার করলেই শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।
অন্য এক শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, এখন হল খোলার মতো পরিবেশ তৈরি হয়েছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই হল চালুর পক্ষে। এরপরও যদি প্রশাসন উদ্যোগ না নেয়, তবে সেটি তাদের বড় ব্যর্থতা। শিক্ষার্থীরা আর এই ব্যর্থতা মেনে নেবে না।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে যত দ্রুত সম্ভব ছাত্রাবাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় হলগুলো বসবাস অযোগ্য হয়ে পড়েছে। সংস্কার করে আবাসন উপযোগী করতে আমাদের আন্তরিক প্রচেষ্টা আছে।