ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জামাল হোসেন এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী। এর আগে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা ইমরান হোসেন গত বৃহস্পতিবার সাবেক এই সংসদ সদস্যের সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, দবিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অনুসন্ধান করে। অনুসন্ধানে দবিরুল ইসলামের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মূল্য ১ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৬৬১ টাকা পাওয়া যায়।
পরবর্তী সময়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দবিরুল ইসলামের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করার জন্য ঠাকুরগাঁও সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়। সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর জেলা কারাগারে। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলায় জামিনও পেয়েছেন তিনি।
সাবেক এই সংসদ সদস্যের নামে অর্জিত স্থাবর এবং অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা না হলে তা হস্তান্তর, স্থানান্তর অথবা বেহাত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাই এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা মালিকানা বদল রোধের জন্য অবরুদ্ধ ও ক্রোক করা প্রয়োজনে দুদকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারক এই আদেশ দেন।
এ বিষয়ে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী বলেন, সাবেক এমপির সম্পত্তি ক্রোক করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। গত রবিবার বিকালে আদালত আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি ক্রোকের নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা হয়। গত বছরের ২ অক্টোবর বিএনপি নেতা হাবিবুর রহমান বাবলুর চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।