বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নেতারা, সনাতন ধর্মের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিক নেতারা অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরুল কায়েস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পবন কুমার শীল ষষ্ঠী, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র দাস, মৌপুকুর সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি সুজিত চন্দ্র মন্ডল, কেটরাহাট সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি কনক চন্দ্র মহন্ত, ভেটাই মন্দিরের সেক্রেটারি সুশান্ত চন্দ্র সরকার, কালীশহর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মিলন চন্দ্র সরকার প্রমুখ।
সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর বিরামপুর উপজেলার মোট ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রত্যেক পূজামণ্ডপে ৫০০ কেজি করে জিআর এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।