আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। ব্র্যান্ডে এসব চাল ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।
বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠনো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে উপহারস্বরূপ এবারও ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া দু’দেশের মধ্যে প্রতিবছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে।