সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬ পিএম
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে এক লক্ষ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার মাওলানা হযরত আলীর ছেলে সুলতান মাহমুদ (৫৫)।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এই আদেশ দেন।
এই আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের সুলতান মাহমুদ গত ২০২০ সালের আগস্ট মাসে বিভিন্নভাবে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মারুফা খাতুন কে বিবাদীর শয়ন কক্ষে নিয়ে বিবস্ত্র করে হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে বিবাদী সুলতান মাহমুদ বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। বাদি কোনো উপায় না পেয়ে পরে আইনি সহায়তার জন্য মামলা দায়ের করেন।
মামলা চলাকালে সকল স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমান শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।