খাগড়াছড়িতে বেহাল আঞ্চলিক সড়ক
খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩০ পিএম
প্রবা ফটো
খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের রামগড় অংশের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন ও কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙাচোরা সড়কে নেমে ধানের চারা রোপণ করে চলমান দুর্ভোগের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন সংস্কার না করায় সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে যায়। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। শুধু স্থানীয়রাই নয়, সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমণকারী পর্যটকরাও পড়ছেন চরম ভোগান্তিতে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়কের এ বেহাল দশা নিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। প্রশাসনের আশ্বাস মিললেও তা বাস্তবে পরিণত হয়নি। তাই ক্ষুব্ধ এলাকাবাসী অভিনব এ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন মানববন্ধনে বলেন, প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটছে। এর দুই পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ পাহাড়ের অন্যতম আঞ্চলিক এ সড়কটি অবহেলার কারণে আজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে আগামীতে রামগড়বাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।