বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে হতদরিদ্র ভ্যান চালকের শেষ আশ্রয়স্থল বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে বসত ঘর, রান্নাঘরসহ একটি একচালা ছাপড়ায় থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মৃত আব্দুল গণি শেখের ছেলে কালাম শেখ (৮০) স্ত্রী ও নাতি সজীব শেখ পরিবার নিয়ে এ ঘরেই বসবাস করতেন। ওইদিন দুপুরে সজীব শেখের স্ত্রী রাবেয়া বেগম রান্না করার সময় ছেলের কান্না থামাতে ঘরে গেলে অসাবধানতা বসত চুলার আগুন প্রথমে রান্নাঘরে ও রান্নাঘর লাগোয়া দুটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘর তিনটি ভস্মীভূত হয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী মসজিদের মাইক থেকে আগুন নিভাতে সাহায্য চেয়ে প্রচারণা চালালে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর দুটির সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
সজীব শেখের স্ত্রী রাবেয়া বেগম জানান, আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। আগুনে সব পুড়ে গেছে। দুই সন্তান নিয়ে দাদার ঘরে থাকতাম এখন সেই আশ্রয় টুকুও শেষ হয়ে গেল।
বৃদ্ধ কালাম শেখ জানান, অনেক কষ্ট করে ঘরটা তুলে ছিলাম। আমার নাতি ভ্যান চালিয়ে কোনো মতে ছেলেমেয়েদের নিয়ে চলে, আমার ঘরেই থাকতো। আর আগুন আমাদের সব শেষ করে দিয়ে গেল।