রংপুর অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০ পিএম
রংপুর সিটি কর্পোরেশন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) এনিয়ে সাংবাদিকরা সিটি কর্পোরেশনে বিক্ষোভ করে দোষীদের গ্রেফতারসহ শাস্তির দাবী জানিয়েছেন।
সেই সাথে হামলার নির্দেশদাতা রংপুর সিটি কর্পোরেশনের সদ্য বদলী হওয়া প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার শাস্তির দাবী জানিয়েছেন তারা।
নির্যাতনের শিকার সাংবাদিক বাদল জানান, জুলাইযোদ্ধা ও জুলাই রাজবন্দীদের নামে সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা যোগসাজশ করে ৫ কোটি টাকা বাণিজ্যের পায়তারা করছিল। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে রবিবার দুপুরে জুলাইযোদ্ধা ও জুলাই রাজবন্দী দাবী করা কয়েকজন যুবক সাংবাদিক বাদলকে সিটি কর্পোরেশনে নিয়ে এসে মারপিট করে। সেই সাথে ক্ষমা চাইতে প্রধান নির্বাহী কর্মকর্তারা কার্যালয়ে নেয়ার চেষ্টা করে। খবরটি জানাজানি হলে সাংবাদিকরা ছুটে এসে ওই সাংবাদিককে উদ্ধার করে দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ করতে থাকে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম জানতে পেরেছি।