কুমিল্লা ও হোমনা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০ পিএম
কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আসাদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম এবং প্রয়াত মো. আনু মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মীর হোসেন জানান, তারা এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার ও চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হামলার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। উপজেলার মাজারগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত বুধবার আসাদপুর গ্রামের আলেক শাহ’র ছেলে মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে মহানবী (স.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার এ ঘটনার জেরে আসাদপুর গ্রামের অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ এবং ওই এলাকার কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহের মাজারে হামলা চালায়। এ সময় মাজার ও বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।