খুলনা অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম
খুলনার খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো (৫৩) গ্রেপ্তার হয়েছেন মহানগরীর কেএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে। শনিবার রাতের এ অভিযানে তাকে বাস্তুহারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম মোস্তফা ভুট্টোকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ রাকিবুল হাসানের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশ জানিয়েছে, ভুট্টো এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। এছাড়াও টেন্ডারবাজি ও বৈকালি সিএসডি গোডাউনের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
খালিশপুর থানায় ভুট্টোর নামে ৭টি মামলা রয়েছে। মামলাগুলো মূলত চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদান সংক্রান্ত। সব মামলায় তিনি জামিনে ছিলেন।
গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, বাস্তুহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।
স্থানীয়রা জানান, বিএনপির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই ভুট্টো এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তার দাপটে সাধারণ মানুষ দীর্ঘদিন আতঙ্কগ্রস্ত রয়েছে।