কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম
প্রতীকী ফটো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ৩০ জনকে এজহারনামীয় আসামি এবং ৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মহাসড়কে ঝটিকা মিছিলের পর পরই অভিযানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী বাতাবাড়িয়া এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ ও মধ্যবয়সি লোকজন মাস্ক পরে ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বেলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবন্দের দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজেলার ইলিয়াস, লালমাই উপজেলার সাদ্দাম হোসেন মজুমদার, চেঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজেলার আব্দুল কাদের।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।