হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম
হবিগঞ্জে ৭ লাখ ২৬ হাজার ১২৬ জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে কনসালটেশন কর্মশালায় হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। জেলা তথ্য অফিসের আয়োজনে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, আগামী ১২ আক্টোবর থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। টিকা পেতে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ডাউনলোড করতে হবে ভ্যাকসিন কার্ড। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।
তিনি আরও বলেন, যেসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। হবিগঞ্জে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে স্কুলে না যাওয়া শিশুদের।