গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৫ পিএম
প্রতীকী ছবি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত সুকেন বর উপজেলার মাহমুদপুর গ্রামের জিতেন বরের ছেলে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে পোনা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে উঠেন সুকেন বর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভ্যানচালক সুকেন বরকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।