ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭ এএম
শামিম হোসেন জয়
ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৬) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার আগে জয় ওই চিরকুট লিখে রেখে গেছেন। তাতে লেখা ছিল, আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট ও মানসিক চাপ-আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ভুলগুলো বুঝতে পেরেছি, এ কারণে আমি অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দেবেন।
ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।