শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:১১ পিএম
মাদারীপুরের শিবচরের শ্বশুর বাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মিজবাহ মোড়ল (৩৩) নামে এ সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজবাহ উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। সৌদি আরব থাকেন তিনি। গতকালই দেশে এসেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন। পরে মধ্যরাতে মেজবাহ তার এক নিকটাত্মীয়ের মোটরসাইকেলে তার শ্বশুর বাড়ি সন্ন্যাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করার জন্য রওয়ানা হন।পথিমধ্যে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনির নিচে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে ব্রিজের নিচে গর্তে পড়ে যান এবং মোটরসাইকেলটি তার উপরে পড়ে। মোটরসাইকেলটি স্ট্রার্ট থাকায় ইন্ট্রিগেটর লাইটটি জ্বলতে থাকে। ওই রাস্তা দিয়ে চলাচলরত স্থানীয় লোকজন ব্রিজের নিচের গর্তে মোটরসাইকেল পড়ে লাইট জ্বলতে দেখে জাতীয় জরুরি সেবা-৯৯৯ সেন্টারে কল দেন। দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ভোর রাতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় মৃতদেহ উদ্ধার করেন।
শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ পুলিশ হেফাজতে রেখেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।