নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগে এ ঘটনাটি ঘটেছে। রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার একপর্যায়ে রুবাইয়া পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ইভা আক্তার বলেন, তার বোনের সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের জন্য সব দিকে অভিজ্ঞ হতে হয়। তাই সে সাঁতার শেখার চেষ্টা করছিল। সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই।